"তোমাকে আঁকড়ে ধরে | কলমে -অনুরাধা দাসগুপ্ত | Tomake Akre Dhore

 তোমাকে আঁকড়ে ধরে


বড় গাছের দিকে তাকালেই,

মনে হয়-- উষ্ণ হাতে বর্ণমালায়,সময়ের-ইতিবৃত্ত, মাটির গন্ধ,আর শিরদাঁড়া সোজা রাখার মন্ত্র দিয়ে চলেছো আজও--


তোমার কাছেই শিখেছি,জীবনে থেমে থাকা নয়,

গোড়ালি ভেজা পুকুর আবার খনন করলে ভরে যায় জলে,সে এক জীবনযাত্রার অধ্যায়.....


তুমি শিখিয়েছিলে--                                                     

কোন হাওয়ায় কতটুকু ঝড় আসে,

কতটুকু বাতাস আর্দ্রতা মাখলে মেঘে মেঘে জমে যায় আকাশ,

কতোটুকু বৃষ্টির ফোঁটায় বন্যায় মৃত্যুগন্ধ থাকে.....

কতটা উষ্ণ পাবক শিখায় দাবানল জ্বলে ওঠে,

কতটা খিদেয় হাজারো প্রশ্নে চুঁইয়ে পড়ে নোনা ঘামে....

কতটুকু ধর্ম মাখলে মানুষ ঠিক মানুষ হয়ে ওঠে,


একে একে সব শিখিয়েছিলে, অস্তিত্ব ভরা বিজ্ঞাপনে-

তোমার কথার উষ্ণতা আজও লেগে আছে আমার চুম্বক চৈতন্যের দ্বারে--


তাই,প্রতিদিন রোদ্দুর মেখে তোমার ছায়ায় বারবার নিজেকে আড়াল করি--

আজও অবসরে ক্লান্ত মন এঁকে যায় তোমার দেওয়া পৃথিবী পাঠের ছবি।


আজ তোমার কোনো অবয়ব নেই--'পিতা,

শুধু আছে স্নিগ্ধ পরশের অনুভবী দূর পারাপারের চেনা সাঁকোটি।