অভ্যর্থনা
গ্রীষ্মের সূর্যোত্তাপ মেখে,কালবৈশাখীর একটা ঝড় আসুক উদ্দাম,উন্মাদনায়--
নতুন জোরালো বাতাসে, লন্ডভন্ড হয়ে যাক রাষ্ট্রচাকায় পিষ্ট হওয়া হিংসার দাবানলের দৈত্যপুরী--
বিচূর্ণ হয়ে যাক জাতপাতের মহড়া।
একটা আনন্দের বন্যা আসুক রুক্ষ গলি দিয়ে রাজপথে ,
মৃদুমন্দ হাওয়া বিস্বাদময় সময় ভেসে যাক আকাশের নীলে...
আত্মবিশ্বাসের শিশির ঝরুক প্রত্যেকের বুকে--
আলোর অভ্যর্থনায় মুখরিত হোক ধরণীর পাঁজর,
কৃষ্ণের বাঁশি বাজুক মোহাম্মদের দরগায়--
একসাথে রাস্তা দেখাক-- --চৈতন্য,মোহাম্মদ,যিশু,বুদ্ধ।
হোক হাতে হাত রেখে--
মানুষে মানুষের মানববন্ধন--
ফিরে আসুক আবার বন্ধ্যা শ্রাবণের বৃষ্টির গান,
বাংলার মাঠঘাটে, ভালোবেসে বেড়ে উঠুক সবুজে সবুজে ছায়া-ঘেরা পথ--
আবার ফিরে আসুক,
নিরীহ মাটিতে নির্মলতায় অন্তর মাধুর্যের সোনালী রৌদ্রের প্লাবন--
রূপসীতমার বাংলার মাটিতে নিষ্প্রদীপ অন্ধকার সরিয়ে, আলেয়ার বুকে আঁকা হোক একটি জ্যোৎস্নার আলপনা।
বসন্তের হাওয়ায় লাগুক নবীনের প্রাণে,
একটা সত্য প্রত্যাশার বন্যা আসুক ধরণীর বুকে,
ভেসে যাক সব গ্লানি,ভেসে যাক কান্নার হিমাচ্ছন্ন অন্ধকার !!

Social Plugin