নাও প্রেম, দাও অশ্রুজল - পার্থ সারথী সেন | Prem Dao

 নাও প্রেম, দাও অশ্রুজল

           - পার্থ সারথী সেন 

     


প্রতিবাদের আগুন আজ

উঠছে জ্বলে, মিছিলে পা।

আমার প্রাণে প্রেমের মাতন

কেউ তো আমায় নিলোই না।


প্লাকার্ড হোর্ডিং ঊর্ধ্ব মুষ্টি

রক্ত পা, কপাল ঘাম।

রক্ত দিয়েই শোধার দাবী 

নিপীড়নের রক্ত দাম।


গণজোয়ার রাজ্য জুড়ে

রাজার বুঝি উঠলো পাট।

জ্বললে আগুন প্রজার বুকে

পুড়বে আসন,রাজ-কপাট।


চলছে মিছিল বাড়ছে মিছিল

ফুঁসছে সুখী গৃহকোণ।

জগৎ জোড়া ধর্ষিতারা

জগতবাসীর আপনজন।


বিচার চায় লক্ষ মানুষ 

লক্ষ লক্ষ ক্ষুব্ধ বুক।

আজ না যদি পায় সুবিচার

প্রজাই মারবে শেষ চাবুক।


হয়তো প্রজার রক্তচোখে

শাসক দেখবে সিঁদুর মেঘ।

হয়তো আসন রাখতে গিয়েই

সাজা পাবে 'পিশাচ' অনেক।


হয়তো প্রজা বিচার পেয়ে

থিতু হবে এক সকালে।

হয়তো রাজা দাবার দানে

খেলবে খেলা অন্য চালে।


হয়তো মানুষ রাস্তা ফেরত

খুঁজবে আবার সুখের বরাত।

হয়তো খুচরো বিচার পেয়েই

ভুলবে প্রজা সব প্রতিবাদ।


আমি তখন একলা পথে

নিশুতরাতে শিউলি ভোরে।

ঠোঁটের নিচে বাজাই বসে

প্রেমের বাঁশি শীতল সুরে।


আমার বাঁশি শুনবে ওরা

ধর্ষিতা আর ধর্ষকেরা।

মরণ যাদের মিলিয়ে দিলো

জীবন যাদের হলো সারা।


আমার প্রেমের সুরের রাখি

ধর্ষিতারা পরিয়ে দেবে 

দশটি আঙুল-কমল ফুলে।

আমার বাঁশি সফল হবে

মেঘমুলুকে যন্ত্রণাতে

ধর্ষকেদের অশ্রুজলে!