কোজাগরী🌼
ও মেয়ে,
তুমি রাতের বেলায়
ঘুরতে যাবে ?
অন্য রাতে বলতো লোকে
নষ্ট মেয়ে !
ভাগ্যি ভালো
কোজাগরী পূর্ণিমা আজ ,
গেরস্থালী জাগবে
তোমার পথটি চেয়ে ।
ও মেয়ে, তোমার
ক্লান্ত পায়ে জ্যোত্স্না নূপুর
অনেকটা পথ
পেরিয়ে এলে একাকীনী
রূপোর পাতে পাপ পুণ্যের
হিমেল কামড়,
সোনার অঙ্গে
কিসের কাঁপন হেমনলিনী ?
ও মেয়ে,
তোমার চরণ চিহ্ন
একটি দিনের,
একটি দিনের পদ্মযোনী
শ্রী মণ্ডিতা
আর বাকি দিন
ধুলায় ধূসর লক্ষ্মীসরা
আর বাকি রাত
তোমার দেহ দ্বিখন্ডিতা!
একখানি রাত
দানের শর্তে স্বাধীন তুমি
একখানি রাত কিনেছো
মেয়ে নিঃস্ব হয়ে,
মা লক্ষ্মীটি ধানের ছড়ায়
পদ্ম ফুলে
জিরিও খানিক
হাত পাতা এই আদর সয়ে ।
মধুবনী🌿
কোজাগরী পূর্ণিমা
( পুরোনো পাতা থেকে)

Social Plugin