"অজানা প্রেম " - সুজিত অধিকারী | Sujit Adhikari

 "অজানা প্রেম "

সুজিত অধিকারী


পুজো যে এসে গেছে সে তোমার বাসন্তী

রঙের শাড়ী আর বর্ণিল ব্লাউজ দেখেই বুঝেছি।

বেশ লাগছে কিন্তু তোমাকে যেন গঙ্গার ধারে 

বসে থাকা এক উর্বশী যার চোখে আঁকা আছে

কবির কবিতা,আকাশের রঙ তোমার এলো চুলে,

চিবুকে কালো আঁচিল আর ঠোঁটে তৃষ্ণা।

সেই তৃষ্ণায় একদিন কবির কল্পনার উপন্যাস

প্রকাশ হবে বেলা শেষে কৃষ্ণপক্ষের সন্ধ্যায় ।


তোমার শাড়ীর লুকানো আঁচলে আঁকা এক 

 নিষ্পাপ প্রেমের নক্সা ,নিটোল দেহের মাদকতা

 অজানা  শিহরন , ছটপটে মন অজানা প্রেমের   

 রঙিন সাতকাহন।  

তোমার ষোড়শী যৌবনে গোধূলীর রঙ থমকে 

গেছে ;আমার  কালো চোখে তোমার দৃষ্টি ,

যেন আকাশ ছোঁয়ার অনুভব .........


বিন্দু বিন্দু বৃষ্টি উছলে পড়ে  ক্ষুধার্ত মনে ... 

অজানা প্রেম আনমনে চায় গভীর ছায়াপথ ।

মনের কোণায় রঙিন তুলি, আলপনা আঁকি 

কল্পনার মায়াজাল বুনে ,তোমার শুভ্র বসন 

 নীল আকাশের তারা আর সোনালী হাসি।


বৃষ্টি ভেজা শহরে পুজোর হাতছানি, তোমার

 ঝলমলে রূপের বাহার  খোঁপায় "কামিনী " ।

 আমার বিবর্ণ মনে তোমার জলছবি কেমন 

 উতলা করে দেয় ,অস্থির - মন ,চোখে স্বপ্নের  

 গোলাঘর - ভিজে যায় ঘন বর্ষায় .........

 আগুন জ্বলে  শরীরের কার্নিশে কার্নিশে ।

 আবেগে ভেসে যাই আগুনের বিস্ফোরণে ।

 তোমার চোখের আড়ে মুচকি হাসি 

 আর আমার নীরবতা যেন প্রেমের অভিসার ।

 

 শ্রাবণ মেঘের ঝির ঝিরে বৃষ্টির ফোঁটা তোমার

 চুলে আকাশের  রিম ঝিম বৃষ্টি এলোথেলো মন

 ভিজিয়ে দিলো তোমার মায়াভরা দৃষ্টি........

 বৃষ্টি ভেজা আকাশ থমথমে অরণ্য, সবুজবীথির

 লাবন্য রামধনুর সাত রঙে ...........

 গেঁয়ো পথে কাশের সারি ,দিগন্তে ঢাকের কাঠি।

 রাখালিয়া বাঁশির সুর অরণ্যের বাতাসে মিশে

 বেঁচে থাকার স্বপ্ন দেখায় অভিলাষী চোখে ...


 একটা দুরন্ত প্রজাপতি একবুক উষ্ণতা নিয়ে

 ছুঁয়ে গেলো তোমাকে ,নীল অনুভবে স্বপ্নময়

 স্বপ্নচারিণী অস্বিত্ব খোঁজে লাবন্য - রাতে ।


 তারায় ভরা আকাশ গাঙে , চাঁদের ডিঙা বেয়ে

 মেঘের কোলে চলেছো তুমি অজানা অচিনপুরে ।

আকাশ যেখানে সাগর ছোঁয় , ছোঁয় খোলা মাঠের 

সবুজ অবুঝ হিয়া ডাক দিয়ে যায় -

সাত সমুদ্র তেরো নদীর পাড়ে 

জাগে রাতের ফানুস - 

অজানা পথ বেয়ে ।