একলব্য - অনুপম সৌরিশ সরকার | Ekolabba

 


একলব্য 

==========


তোমার বাবাই আমার গুরু 

যা কিছু শিক্ষা তাঁর কাছেই।

না তাঁর স্নেহের সান্নিধ্যে বসে

শেখা হয় নি বেহাগ মালকোষ মল্লার।

আমি একলব্য,দূরে আপন কুটিরে বসে

তাঁকে গুরু মেনে ডুবে যায় সুরের অতলান্ত সমুদ্রে।

তাঁকে পুজো করেই প্রাপ্তি হয় মহার্ঘ মনিমানিক্য।


আমার পরিচয় জানবার পর

তিনি ক্রোধে আগুনের মত ক্ষিপ্ত হয়েছিলেন

দেখিযে দিয়েছিলেন বেরিয়ে যাবার দরজা 

পা ছুঁয়ে প্রণাম করতে গিয়েছিলাম একবার মাত্র ।

কিন্তু আমার মত যে অস্পৃশ্য 

তার স্পর্শ উনি সহ্য করবেন কী করে?

প্রাপ্তি ছিল সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের ঘৃণা আর অপমান।

কিন্তু ভেঙ্গে পড়া দূরের কথা

আমায় শক্ত করেছিল আমার প্রতিজ্ঞা

আমায় মগ্ন করেছিল একনিষ্ঠ সাধনা

আমায় দৃঢ় করেছিল আমার একাগ্রতা

আমায় অচঞ্চল করেছিল আমার অনিঃশেষ গুরুভক্তি।

সাফল্য এসেছিল প্রতিভা আর পরিশ্রমের জাদুতে

টলে উঠেছিল তোমার বাবার উদ্দেশ্য

তাঁর শ্রেষ্ঠ শিষ্যটির পরাজয়ের ভবিষ্যত ধরা পড়েছিল তাঁর দূরদৃষ্টিতে।

সেই সঙ্গে আরও এক মারাত্মক ক্ষতির আশঙ্কা

তাঁকে বিচলিত করেছিল অতিশয়।

ঘৃণা ও ক্রোধ আগেই ছিল এবার যুক্ত হল নিষ্ঠুরতা ও হিংস্রতা।


আমি তাঁর কাছে বিষের মত পরিত্যাজ্য

আমি তাঁর কাছে নিষিদ্ধ পুস্তকের মত বর্জনীয় 

আমার ছায়াও তাঁর সহ্যের অতীত 

তবু আমাকে তাঁর প্রয়োজন । 

তবু আমি তাঁর পরম ধন ।

অতএব তিনি কেটে নিতে চাইলেন আমার অনামিকা 

যেখানে জ্বলজ্বল করছে তোমার দেওয়া অভিজ্ঞান |

আমি তাঁকে ফিরিয়ে দেব তা কি হয়?

আমি যে একলব্য। 

গুরুদক্ষিণা দিতে সদা প্রস্তুত ।

===== অনুপম সৌরিশ সরকার