আবার যদি ভালোবাসো - পার্থ সারথী সেন | Abar Jodi Valobaso



 আবার যদি ভালোবাসো 

                  - পার্থ সারথী সেন 

------------------------------------------

আবার যদি ভালোবাসো

ক্ষমা করো সবটুকু অপরাধ

জন্মাবধি করেছি যা অহর্নিশ,

যদি আর একবার

অশান্ত বিক্ষত বুকে

রাখো আলতো উষ্ণ হাত,

প্রেম রাখো,স্নেহ রাখো যদি

এই হত্যাকারী হাতে অকৃপণে,

তবে এই উদ্ধত সভ্যতার মাথা

অনিমেষে রেখে দেবো তোমার কোলে,

মানুষ হবো বলে!


যদি আর একবার ভালোবাসো,

ছুঁড়ে ফেলে দেবো দূরে

দূষিত নাগরিক অহংকার,

লাল পলাশের নিচে

বেঁধে দেবো তোমার

খড়কুটো-ছাওয়া

ছোট্ট সুখের ঘর !


আবার যদি ভালোবাসো,

করবো না আর পুরুষে নারীতে

ভেদাভেদ তুমি দেখো,

শুধু মানুষেরই পৃথিবী গড়ে দেবো আমি

তুমি মানুষকে সুখে রেখো।


আবার যদি ভালোবাসো তবে

ভাসিয়ে দেবো টেথিসের জলে

পৃথিবীর যত 'ধর্ম' নামের খাঁড়া,

নিকোনো উঠোন ঘিরে 

বেঁধে দেবো তোমার প্রিয়

সুগন্ধী রজনীগন্ধার বেড়া।


যদি তুমি ভালোবাসো আরও একবার

আরও একবার গড়ে দাও বুকে

প্রেমের বিশুদ্ধ রীতি,

তোমার আমার প্রেমের মাঝে

আমি গজাতে দেবো না রাজনীতি।

পিঁড়ি পেতে কাছে বসে 

কুটনো কুটে দেবো হাতে হাতে

তুমি যত্নে রেঁধো উবু হয়ে বসে

ভাত আর প্রিয় দস্তাকচুর লতি।


আবার যদি ভালোবাসো একটিবার,

সভ্যতার নামে ওপড়াবো না শেকড় 

একবারও তুমি দেখো,

জড়িয়ে ধরে চুমু খাবো শুধু

জাম বট হিজলের গায়ে,

আমার হাতে হাতটি তুমি রেখো।


আবার যদি ভালোবাসো তুমি

যতো আছে মারণ বোমার কারখানা,

অতলান্তে ভাসিয়ে দেবো দেখো

ভাগ করে খাবো রুটি দুইজনা।


যদি আবার ভালোবাসো তবে

বন্ধ করবো পক্ষ নিরপেক্ষর কুটিল খেলা 

দাওয়ায় বসে চুল বেঁধে দেবো আমি

পাখি ফেরা গোলাপি গোধূলিবেলা।


আবার যদি ভালোবাসো তবে

ভাগ হতে দেবোই না এ পৃথিবীকে জাতিতে,ধর্মেতে,উঁচুতে নিচুতে

দেশে আর বিদেশে,

একটাই দেশ গড়ে দেবো এবার

একটাই পৃথিবীকে ভালোবেসে। 


আবার যদি ভালোবাসো তুমি

ধ্বংসের সবটুকু অপরাধ ক্ষমা করে,

সবকিছু ভুলে আরও একবার আমি

ঠিক দেখো, সত্যি মানুষ হবো নতুন করে।


আবার যদি ভালোবাসো তুমি

এনে দেবো দেখো সোনালী আলোর

প্রভাত-রেণু,

সুগন্ধী শেফালির উপবনে বসে

বাজিও তোমার ভুবন মাতানো

জগৎ ভোলানো আলোর বেণু ! 

--------------------------------------------