রাখী - মধুবনী চ্যাটার্জী | Rakhi by Madhubani Chatterjee

 



রাখী 
মধুবনী চ্যাটার্জী

শোবার ঘরের জানালা র ওপারের ঘন সবুজ বনজ গন্ধ নিয়ে যে আরণ্যক ছবি চোখের তারায় নেচে ওঠে সেই ছবির ই অংশ জুড়ে দাঁড়িয়ে থাকা একটা সুপুরি গাছের মাথায় মাধবী লতার বিশাল ঝাড়বাতি ছিলো।তারা একে অপরকে জড়িয়ে থাকতো। বসন্তের রাঙা আলো মেখে, বর্ষার ঝড়ো হাওয়া য় দোল খেয়ে,শরতের মেঘ রোদ্দুর র খেলা দেখে দিন কাটতো তাদের। শীতে যখন ফুল নিভে পাতা ঝরে শুধু এলোমেলো শুকনো ডাল জড়িয়ে থাকতো ওই উঁচু গাছটাতে, বুঝতাম সুপুরি গাছ টি ধ্যানস্থ ভৈরবের মতো তার সঙ্গিনীকে নতুন রূপে ফিরে পাওয়া র তপস্যা য় আছে।

আমি অবাক হয়ে দেখতাম কেমন করে সুপুরি গাছ নিজের অস্তিত্ব ভুলে মাধবী লতা কে আগলে রেখেছে।
আর মাধবী লতা তারার মতো উজ্জ্বল ফুলের রাখী দিয়ে প্রতিদিন ভরিয়ে দিচ্ছে সুপুরি গাছের শরীর। আমার কাছে এটাই রাখী বন্ধন।যে রাখে  রাখী তার। নির্ভরতা বিশ্বাসের সূত্রে বেঁধে সম্পর্ক স্থাপন, সেই তো রাঙা রাখীর ডোর।