পথ - কৃষ্ণা সেন | Path by Krishna Sen

 


পথ

রাতজাগা একাকী 
পথটা চলে গেছে 
অনেক দূর থেকে 
দূরে। 
সহস্র যোজন পথ।

আমি একাকী পা 
বাড়াই। 
অতিক্রম করতে চাই শতাব্দীর যন্ত্রণা। 
পথের দু'ধারে নিঃশব্দে ঝরে পড়ে জীবনের 
 শত সহস্র কান্না 
ব্যাথা।
দিনের আলোয় তা উজ্জ্বল তারাদের মত
ম্রিয়মাণ। 
জীবনের কঠিন 
সংগ্রামী পথ। 
পায়ে পায়ে হেঁটে চলি। 

পথের চারিপাশে 
কি অসহায়তা। 
কত কান্না কত
বেদনা কত যন্ত্রনা ।

তবু কলম এঁকে চলে 
 শত সহস্র প্রেমের উপাখ্যান।

অবশ্য এও এক 
 নিস্তব্ধ প্রেম। 
ক্লান্তি বিহীন এক 
অসম লড়াই। 
অসুস্থ শিশুর অর্থের যোগান না দিতে 
পারা অপারগ এক পিতার যন্ত্রনা। 
ক্লান্তিতে ভেঙ্গে পড়া করুন মায়ের 
মুখখানি। 
শত সহস্র
 পিতা-মাতার 
এক নিস্তব্ধ লড়াই। 
জানতে পারে 
না কেউ। 

নেশাগ্রস্থ অবাধ্য সন্তানকে সঠিক পথে ফেরানোর দায় 
 কাঁধে নিয়ে যে পিতা অসহায় একাকী। 
যে পিতা মায়ের 
মতই একাকী 
প্রহরারত। 
তার অসহায় আর্তনাদ ঝরে পড়ে পথের 
দু'ধারে নিঃশব্দে। 


ধর্ষিতা কন্যা সন্তানকে বুকে জড়িয়ে আগলে রাখতে চায় মা। 
কি করুন আকুতি ঈশ্বরের কাছে। 
মায়ের কাছ থেকে 
 কেড়ে নিতে চায় সন্তানকে এক 
অসংলগ্ন সমাজ।

সহস্র যোজন পথ 
 হেঁটে চলি। 
 হাজার চোখের জল দেখতে পাই পথের ধুলায়।
কি করুন 
 কি যন্ত্রণাময়।


জীবন পথের ধারে দাঁড়িয়ে থাকে চেতনা নামক
শিখণ্ডী বৃক্ষ।
যুগে যুগান্তরে আমি হেঁটে চলি যন্ত্রণার 
 ভার বহন করে 
শেষ জীবনের 
 প্রতীক্ষায়। 

কৃষ্ণা সেন।