ভালবাস বলে
============
তুমি আমায় ভালবাস বলে
জীবন এখনো সস্তা হয়ে যায় নি
এখনো আগুনকে ডেকে বলি,
"শান্ত হও।"
আগুন শান্ত হয়।
আজও শত প্ররোচণাতেও
অন্ধকারকে প্রবেশাধিকার দিয়ে
আলোকে বলতে পারিনি, "সরে যাও,
ফিরিয়ে নাও তোমার মায়া।"
ভালবাস বলেই
ধ্বংসের তীর থেকে আজও ফিরে আসি,
জীবনের কাছে এসে দাঁড়াই
জীবনের গাল টিপে দিয়ে বলি,
"তুই বড় মিষ্টি রে,
তোকে ছাড়া বাঁচি কী করে?
আয় তোকে মাখিয়ে দিই আদর ।"
তুমি আমায় ভালবাস বলেই
আজও ফুল দেখে
আর্দ্র হয় তৃষ্ণার্ত দুটো চোখ,
আমি বসে থাকি কানায় কানায় ভরে থাকা
নদীটির তীরে,
বুকে জাগে গান, গানে জাগে নৌকা,
বৃষ্টিশেষের মিষ্টি আলোর মত দুটি চোখ নিয়ে
নৌকাতে বসে থাকেন স্বয়ং রবীন্দ্রনাথ।
===== অনুপম সৌরিশ সরকার


Social Plugin