দুঃসময়
==========
দুঃসময় যখন হাত মেলায় দুরভিসন্ধির সঙ্গে
যখন নিরাপত্তাহীনতা ব্যাধের তীরে বিদ্ধ পাখির মত
ছটফট করে
যখন চক্র চক্রব্যূহ হয়ে মেতে ওঠে অভিমন্যু বধে
তখন অনেক কিছু বোঝা যায়
অনেক কিছু চেনা যায়।
তখন বোঝা যায় কার মুখোশ সবথেকে দামী
কাদের চোখে কুমীরের অশ্রু
কাদের শিরদাঁড়াতে ঘুণপোকার বাসা ,
তখন বোঝা যায় রক্তমাখা টাকা
কাদের বুকে হায়েনার জন্ম দেয়,
এবং তখন বোঝা যায় কে রক্তচক্ষুকে উপেক্ষা করে
বিষের পাত্র মুখে নিয়ে চুপচাপ শুয়ে পড়ে
এবং ঢেকে নেয় সাদা কাপড়ে নিজেকে
সক্রেটিসের মত নির্ভীক নির্ভয়।
প্রচণ্ড ঝড় যদি ভেঙে দেয় সুখের মগ্নতা
প্রচণ্ড যন্ত্রণা যদি ছিটিয়ে দেয় রক্ত শান্তির শরীরে
তখন বোঝা যায়
কারা নিজেদের বিক্রী করে আখের গোছায়
তখন বোঝা যায় কারা ছলে বলে কৌশলে
ঘোরাতে চায় দৃষ্টি, রুখতে চায় আন্দোলন
তখন বোঝা যায় স্বার্থপরতা ও লোভের পায়ে
মনুষ্যত্বকে বলি দিয়ে
কারা হয়ে উঠেছে ঘৃণ্য গুপ্তচর বা পদলেহণকারী
বা হত্যাকারীর মুখপাত্র।
প্রচণ্ড বন্যা যদি ভাসিয়ে নিয়ে যায় জীবন
প্রচণ্ড অন্ধকার যদি চেপে ধরে আলোর গলা ,
তখনই বোঝা যায়
কারা মৃতদেহকে পাশে রেখে
আনন্দ উৎসবের আয়োজন ক'রে
ভাগ করতে বসে যীশুর পোশাক।
এবং তখন বোঝা যায় কারা স্বাধীনতার জন্য
সারা শরীরে বুলেট নিয়েও
মাতঙ্গিনী হতে রাজী ।


Social Plugin