ছোবল - গীতশ্রী সিনহা | Chhobol by Gitasree Sinha



 ছোবল 

গীতশ্রী সিনহা 


আধো ঘুমন্ত ক্লান্ত মুখের চারপাশে এলোমেলো চুল...

নিশ্বাসের মতো নিঃশব্দ আ-দিগন্ত রাত্রির নির্জনতা ! 

নির্মম হাতে সঁপেছো তোমাদের বীরত্ব... 

এঁকে বেঁকে চলে যাচ্ছে সাপ, আস্তিনে নেই ! 

এঁকে বেঁকে ছুটে চলেছে পাপ ! 

পাখি উড়বেই ... ! 

হ্যাঁ, হ্যাঁ দেখবার চেহারাটা বানাতে হয় যে !  

একথা জানলাম বড় দেরিতে... ! 

সর্বনাশের পথে ! 

দু'হাত আগলে দাঁড়াই... মনকে চোখ ঠেরে অন্যমনস্ক হই... ফাঁকা ! 

কালো কালো দাগ, ঢেকে দিচ্ছে সাদা ! 

অসহায় শীর্ণ হাত দেয় হাতছানি...  থাকা না থাকা... 


বরং সাপের সামনে যাই ! 

নিজেকে সরিয়ে রাখতে চাই ! 


অর্বুদ জীবন পার !  শুধু ছোবল টা-ই ছিল বাকি 

গণতন্ত্র রক্ষার্থে কী সেজেছো বীর যোদ্ধা ? 

যে যে চেহারার সাথে আত্মীয়তা পাতাতে না চেয়েও

মাথা নিচু করি নি অভ্যর্থনাকক্ষে ! বরং... 

দরজা আগলে দাঁড়িয়ে বলে গেছি বারবার, "প্রতিবাদের ভাষা এক হোক " ! 

ধূপ - ধুলোয়, আচার - অনাচারে সাঁতরে যাওয়া অন্ধকারে 

হুটোপুটি তীব্র ক্রুদ্ধ লোভ হিংস্র তাড়নায়... 

চিহ্ন মুছতে দেখো খোলা তলপেট !  কিংবা ... 

ঠোঁট চাটো নুন - ঝাল মিশিয়ে কাঁটা ছাড়ানো মাছের মতো !  

মধ্যরাতের horror তান্ডবলীলা হৃৎপিণ্ডের হাওয়া টেনে নেয়... 

খোলা রেখেছিলে নিজস্ব গোপন প্রস্থান পথ ! 


এতো আয়োজন... মানুষ নামের অসংখ্য মানেষের দুর্বোধ্য বিশৃঙ্খলা 

ছিল শুধু আমার জন্য ?  

সত্যি বলছি, আমার চোখ, বিশ্বাস, বোধ, চেতনাকে বুঝিয়েছি, 

" না না দেখি নি কিছুই " 

আগমনী শেষ হলে আমিও নিঃশব্দে উঠে যাবো পিছনের ঘরে ! 

এ কথা জানতে না তোমরা ! 

এ- যেন শৈশবের সরস্বতী মূর্তিকে আলিঙ্গন করে বিসর্জন দিলে উপাসনা প্রহরের আগে ! 

মিছিলের পায়ে পায়ে তিলোত্তমা -ও পথে পথে 

কিছু মুহূর্ত বেঁচে থাকবে সমাজের গায়ে...