Roddur by Madhubani Chatterjee

 



"রোদ্দুর"

মধুবনী চ্যাটার্জী 

ঘরের মেঝেতে এসে পড়েছে এক টুকরো সোনালী রোদ,দেখে মনে হয় বহু যত্নে কাটা একফালি রাংতা পড়ে আছে আপন খেয়ালে।সেযেন প্রেমের উত্তাপ, স্নেহের উষ্ণতা।শীতল অপরাহ্ন কেমন একা আসে।গাঢ়,ঘন, বিষন্ন তার মুখ।এই একফালি রোদ যেন তার অন্তরের ঘুমিয়ে থাকা প্রেম,যে বারে বারে তার হিমেল আঁচল টেনে বলে "আমি আছি, তোমার কোলেই আমি আছি"।
আমি কাজ অকাজের অবসরে ওই রোদ্দুর টির বন্ধু হতে চাই লাম।পাশ টিতে বসে হাত রাখলাম তার গায়ে, দেখলাম আমার হাত টি সোনার রঙে ধুয়ে সে তাতে আঁকছে ঝিলমিলে পাতার আবছা ছবি। তারপর ধীরে ধীরে সে সরতে লাগলো আমার কাছ থেকে।মন খারাপের ধূসর কমলা আলোয় জেগে উঠলো অন্য ছবি। এগিয়ে চললো সে,যেন আমার, তোমার জীবন, ধীরে ধীরে নিবে আসছে বেলাশেষের গানে।
এক সময় সে ফুরিয়ে গেল। একলা ঘরে বসে আছি তার যাওয়ার পথের দিকে চেয়ে। কিছু টি সে ফেলে যায় নি। যেটুকু রয়ে গেছে,সে টুকু ফিরে আসার প্রতিশ্রুতি আর বাকি টা কিছু মুহূর্ত এর মূল্য বান স্মৃতি,এক ফালি রোদ্দুরে র সঙ্গে হঠাৎ বন্ধুত্বের .....