প্রত্যাশার ফুল - কলমে কৃষ্ণা সেন || Pratyasar Ful by Krishna Sen




প্রত্যাশার ফুল


প্রত্যহ গাছে গাছে রাশি রাশি ফুল ফোটে অনেক প্রত্যাশা নিয়ে। 
তাদের প্রত্যাশা তাদের রঙিন পাপড়ি দেখে আসবে মৌমাছি, আসবে প্রজাপতির দল। 
ভালোবাসা খুনসুটিতে ভরে উঠবে ওদের মন। 
কত প্রত্যাশা নিয়ে ওরা ফুটে ওঠে রোজ তবু কখনো কখনো কালের নিয়মে অকালেই ঝরে যায় ওরা। 
প্রত্যাশা পূরণ হওয়ার আগেই। 
এই দুঃখ এ যন্ত্রণা শুধু তাদের যে ঝরে গেল। 
তারা জানল তাদের অপমৃত্যু ঘটেছে তবুও মানিয়ে নিতে হয়।

প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়া এক কঠিন পথ 
তবুও সে পথে পা রেখেছি।
কত শতাব্দী ধরে পার হয়েছি বহু পথ,
তবু আজও পারিনি ঠিকমতো নিজেকে মানিয়ে নিতে।

মুঠো ভরা প্রত্যাশা কে উড়িয়ে দিয়েছি খেয়াল মত।
দেখেছি ওরা উঠেছে ওরা ঘুরছে 
পড়ে যাচ্ছে যত্রতত্র। 
চেষ্টা করিনি কুড়িয়ে নেবার। 

আমি জেনেছি জীবন এভাবেই চলে, 
জীবনে মৃত্যু একবারই হয় কিন্তু প্রত্যাশার মৃত্যু বারবার ,বারবার যন্ত্রণা দেয়।

আমিও ক্ষতবিক্ষত হই রক্তাক্ত হই তবু আবারো মানিয়ে নেওয়ার চেষ্টায় ক্লান্ত। 

ভালোবাসার প্রত্যাশা বড় যন্ত্রণাময়।
বারবার ফুল ভেবে ঠকে যেতে হয়।

তাই ভালবাসাকে কাগজের ফুল ভেবে উড়িয়ে দিয়েছি বাতাসে।
দেখেছি ভালবাসার যন্ত্রণাগুলো কেমন হালকা হতে হতে মিশে যাচ্ছে বাতাসে
দূর থেকে দূরান্তে সকলের অগোচরে। 
কত তারাই তো খসে যায় । কে তার খবর রাখে বল?
এভাবেই চলে প্রতিনিয়ত হাজার হাজার প্রত্যাশার অপমৃত্যু।

কলমে কৃষ্ণা সেন।