বউ শার্টের বোতাম খুলতে খুলতে বললো, "একটা কথা বলবো?"
আমি প্রেমের কণ্ঠস্বরে বললাম, "বলো।"
বউ খানিকটা ইতঃস্তত হয়ে বললো, "ইয়ে মানে.... আমি তো বেশিদিন কথা পেটে চেপে রাখতে পারি না, তা তো তুমি জানোই। বিয়ে হয়ে গেছে প্রায় তিন মাস আর বিয়ের আগে দুই বছরের প্রেম।"
আমি কপাল কুঁচকে বললাম, " হুঁ তো? কি হয়েছে?"
"আসলে আমি তোমাকে বিয়ের আগে মিথ্যা বলতাম।"
আমার কপালে ঘাম জমতে শুরু করলো। মিথ্যা বলতো মানে! কি এমন সত্যি ছাপিয়ে গেছে যেটা বিয়ের পর বলতে হচ্ছে? আমি যথেষ্ট মুখে গম্ভীর ভাব এনে বললাম, "কি মিথ্যা কথা বলতে?"
বউ আবারও ইতঃস্তত গলায় বললো "আমি বিয়ের আগে তোমাকে ভালোবাসতাম ঠিকই কিন্তু অনেক বেশি ভালোবাসতাম না। অথচ ফোন রাখার আগে প্রতিবারই বলতাম, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ!"
আমি স্বস্তির নিশ্বাস ফেলে বিষয়টা হেসে উড়িয়ে দিয়ে বললাম, "আরে ওসব তো ফরমালিটিস। সবাই বলে অমন কথা।"
বউ আগ্রহের সহিত জিজ্ঞেস করলো, "ওঃ.... তারমানে তুমিও শুধু ভালোবাসতে? অনেক বেশি না?"
সঙ্গে সঙ্গে উত্তর দিলাম "না।"
নেতিবাচক উত্তর দেওয়ার সাথে সাথে ঘরের পরিবেশ বদলে গেলো। আমি স্পষ্ট দেখতে পেলাম রোমান্স জানালা দিয়ে পালালো আর ঝামেলা ঘরে প্রবেশ করলো। আমার কপাল পুনরায় ঘামতে শুরু করলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো। এত বড় ভুল আমি কিভাবে করলাম?
বউয়ের অগ্নিমূর্তি দেখে কলিজার জল উবে যাবে না এমন পুরুষ খুব কমই আছে! শার্টটাকে সজোরে বিছানায় ফেলে দিয়ে বউ ক্রোধে উচ্চস্বরে বললো, "আমি জানতাম....আমি জানতাম তুমি আমাকে ভালোবাসতে না। আমি ঠিকই তোমাকে অনেক বেশিই ভালোবাসতাম। তোমার মনে কি ছিলো শুধুমাত্র সেটা জানার জন্যই ওই কথাগুলো বলেছিলাম। বিশ্বাস করেছিলাম তোমাকে! এই বিশ্বাস নিয়েই দুই বছর প্রেম করেছি। তিন মাস ধরে সংসার করছি। কিন্তু হায়! সবই মিথ্যে ছিলো।"
বউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে অন্য ঘরে চলে গেলো। ধড়াম করে দরজা লাগানোর শব্দ পেলাম। আজ রাতে আর উনার সংস্পর্শে যাওয়া সম্ভব হবে না। কি কপাল আমার!
বউ আসলে বউ ই হয়।
বউয়ের মতো কৌশলী আর কেউ নয়।


Social Plugin