ঠিকানা দাও
------------------
- পার্থ সারথী সেন
★[এই কবিতার ভিডিওটা দেখতে হলে সরাসরি ইউটিউবে ঢুকে Thikana dao partha sarathi sen লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।]
আমার কিছু ভোর হারিয়ে গেছে।
লাল লেপ খুলে আধো আলোছায়ায়
মায়ের আঁচল ধরে সাদা উঠোনে ঘুরে ঘুরে গোবর-জল নিকোনো মাঘ-পঞ্চমীর কিছু পবিত্র ভোর আমার,
হারিয়ে গেছে!
আমার কিছু সকাল হারিয়ে গেছে।
বোতাম ছেঁড়া হলুদ জামা গায়ে
ভাই বোনে মিলে গোল হয়ে বসে
নব গণিত মুকুলের অঙ্ক শেখার
কিছু কাঁচা-সোনা রোদ ঝরা সকাল আমার,
হারিয়ে গেছে!
আমার কিছু দুপুর হারিয়ে গেছে।
পান চিবোনো বাবার চিত হাতে মাথা রেখে ঘুমের ভাণ করে শুয়ে থাকা
আমার কিছু ঘুঘু-ডাকা রবিবাসরীয় ঝিম- দুপুর,
হারিয়ে গেছে!
আমার কিছু বিকেল হারিয়ে গেছে।
মা-মাসিদের উল বোনা হাতে বেড়ে ওঠা
সাতরঙা সোয়েটারে পৌষালি নিবু নিবু রোদ,
আর চালতার বাগানে রুমাল চুরির
আমার কিছু দুরন্ত বিকেল,
হারিয়ে গেছে!
আমার কিছু সন্ধে হারিয়ে গেছে।
লম্বা টানা বারান্দায় হোগলার মাদুরে আদুর গায়ে বসে বসে তিন ব্যাটারির রেডিওতে
মৃদঙ্গ মাদলে মহুয়ার নেশা মাখা সাঁওতালি অনুষ্ঠানের কিছু সাঁঝ আমার,
হারিয়ে গেছে।
আমার কিছু রাত্রি হারিয়ে গেছে।
বিজলি বাতির টিমটিমে আলোর নিচে বসে জলে ভেজা আমসত্ত্ব আর ভেলিগুড় দিয়ে মেখে খাওয়া দুধ রুটির কিছু হৈমন্তী রাত আমার,
হারিয়ে গেছে!
আমার কিছু প্রেম হারিয়ে গেছে।
সদ্য গোঁফ গজানো আর সবেমাত্র বুকে ওড়না ওঠার প্রথম মৌন থরথর প্রেম কিছু,
হারিয়ে গেছে!
আমার কিছু অহংকার হারিয়ে গেছে।
প্রথম বোর্ডের পরীক্ষায় পাস করে
উপহার পাওয়া প্রথম হাতঘড়ি পরা হাতের কিছু অহংকার আমার,
হারিয়ে গেছে!
আমার অনেক কষ্ট হারিয়ে গেছে
অনেক সুখের পদচারণে,
আমার অনেক কান্না হরিয়ে গেছে
আভিজাত্যের সদর্প উচ্চারণে!
আমি অনেক আমিকে হারিয়ে ফেলেছি
একক আমিকে খুঁজতে গিয়ে,
আমি অনেক হাসিকে হারিয়ে ফেলেছি
একক খুশিকে উসকে দিয়ে!
আমি আমার ঠিকানা হারিয়ে ফেলেছি
আমাকে চিঠি লিখতে গিয়ে,
তুমি আমার ঠিকানা জানিয়ে দিয়ো
তোমার হারানো ঠিকানা দিয়ে!

Social Plugin