অন্য_পুজো
কাঁচের ভেতর লাল জামাটা
ইচ্ছে করে ছুঁই
কেন আমায় পথ কুড়ানি
করলি মাগো তুই!!
ঐ মেয়েটা প্যান্ডেলে যায়
বাবা, মায়ের সাথে
আমার বাবা জন্ম দিয়েই
পালিয়ে গেছে রাতে ।
মা'কে সবাই পাগলী বলে
দেয়না সে চুল বেঁধে
আমায় বুকে জড়ায়না মা
যখন মরি কেঁদে ।
ঝুপড়ি আমার দিল ভেঙ্গে
বসবে আলোর সাজ
রুক্ষ চুলে, ছেঁড়া জামায়
আমার পুজো আজ ।
ওদের পুজো পাঁচ তারাতে
আকাশে নোট ছোড়া
আমার পুজো ডাস্টবিনেতে
খাবার খুঁজে ঘোরা ।
দুয়োরানীর মেয়ে আমি
থাকি পথের ধারে
দুগ্গা আমার মা নয়তো
মা' কী এমন করে ??
তিতাস

Social Plugin